শিক্ষক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার (২ জুলাই) বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি।
এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. সেলু বাসিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য (ভার্চুয়ালি), সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্য সচিব শিক্ষক নেতা ড. নুর মোহাম্মদ তালুকদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদকমণ্ডলীর সদস্য অলোক দাস গুপ্তসহ আরও অনেকে।
সভায় পঙ্কজ ভট্টাচার্য বলেন, শুধু নড়াইল বা আশুলিয়ার ঘটনা দিয়ে শেষ নয়, ইতোপূর্বে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটে আসছে দেশে। কিন্তু প্রশাসনের সামনে এমন জঘন্য ঘটনা প্রমাণ করে রাষ্ট্র আজ কতটা অসহায়। এক্ষুনি সাম্প্রদায়িক উগ্রবাদীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হবে।
ড. নূর মোহাম্মদ তালুকদার বলেন, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। নড়াইলের ঘটনার সুষ্ঠু তদন্ত হলে থলের বেড়াল বের হয়ে আসবে। ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন বলেন, জাতিকে বাঁচাতে হলে শিক্ষা ব্যবস্থা থেকে সাম্প্রদায়িক উগ্রবাদীদের চিহ্নিত করতে হবে। এদের কঠোর হস্তে দমন করতে হবে।
সভায় ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হাসেম। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ।