ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের চিঠি পেলো পরিবার

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের পর ক্রিকেটার রুবেলের কবর সংক্ষরণের অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের চিঠি তার পরিবারের কাছে হস্তান্তর করেন মেয়র আতিকুল ইসলাম।

প্রয়াত ক্রিকেটার রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি ডিএনসিসি মেয়রের কাছ থেকে কবর সংরক্ষণের অনুমোদনের চিঠি গ্রহণ করেন।

এসময় মেয়র বলেন, ‘প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এটাই তার সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ক্রিকেটার রুবেলের কবরটি দায়িত্ববোধ থেকেই দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।’294713000_948237666573065_1249726389230171074_n

এসময় ডিএনসিসি মেয়র বলেন, ‘রুবেল জাতীয় দলের খেলোয়াড় এবং মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু-ব্যাজ পুরস্কার পেয়েছেন। রুবেল মারা যাওয়ার পর তার পরিবারের আকুতি ছিল কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। আমরা পরিবারের আবেদনের প্রেক্ষিতে ৯০ দিনেরও কম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের চিঠি হস্তান্তর করতে পেরেছি।'

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি প্রধানমন্ত্রী খেলাপ্রিয় মানুষ। খেলোয়াড়দের যেকোনও সমস্যা উনি খুব গুরুত্ব সহকারে দেখেন। রুবেলের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়েছিলেন কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে আমরা কাজটি সম্পন্ন করেছি।’

চিঠি হস্তান্তরকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ রুবেলের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।