রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলার অন্যতম মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শর্টগান সোহেল এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগরের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১ আগস্ট ) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তে তাদের ৫ দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করে ডিবি।
পরে গত ১ এপ্রিল রাতে এই চার জনকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এ সময় তাদের কাছ থেকে থেকে হত্যাকাণ্ডের সময় নজরদারির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, হত্যার জন্য দেওয়া ৩ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানানো হয়।
র্যাব জানায়, ২০১৬ সালে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর আস্থাভাজন রিজভী হাসান ওরফে বোচা বাবুকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের মামলায় টিপু হত্যা মামলায় গ্রেফতার চার জনই আসামি ছিলেন। সেই হত্যাকাণ্ডেও অন্যতম ভূমিকা পালন করে আরেক সন্ত্রাসী মুসা। যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ-বিকাশের সহযোগী বলে পরিচিত। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে মামলাটির গতি চলমান থাকায় ‘ফাঁসি হতে পারে’ এমন শঙ্কা থেকে তারা টিপুকে হত্যার পরিকল্পনা করে।