রাজধানীর সবুজবাগে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় রাজু আহমেদ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারা ভোগের আদেশ দেন।
জানা যায়, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীর মা ধর্ষণের অভিযোগে বাদী হয়ে সুবজবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার ২০ দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী পুত্রসন্তান জন্ম দেয়। বর্তমানে শিশুটি রাজধানীর আজিমপুরে সোনামণি নিবাসে রয়েছে।
তদন্ত শেষে ২০১৮ সালের ৭ মে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।