কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত (১৯ আগস্ট) সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বাহিনীটির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, কেরানীগঞ্জের বিসিক শিল্প নগরীর দোতলা ভবনের একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে প্লাস্টিক জাতীয় এবং কাগজ থাকায় তাপ বেশি ছিল। আর বাতাসের কারণে আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়
তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের পর এসব বিষয় সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।