চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

চোরাই মোটরসাইকেলসহ মো. শামীম মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতার শামীম মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে আশুলিয়া থানা এলাকার বক বাড়ি এলাকার জাপান বাইক সিটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার ৬ নং সেকশনের একটি বাসা থেকে গত ১৩ আগস্ট চুরির ঘটনা ঘটে, সেখান থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনাস্থল এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের এক সদস্যকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।