দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) প্রকাশিত হলো ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এর প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে প্রকাশের সঙ্গে সঙ্গে ২০১০ সালের ২২ জুন জারি করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারাধীন ১৫২৮ বর্গকিলোমিটার (৫৯০ বর্গমাইল) এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা অকার্যকর হলো। এরপরও এর অধীন কৃতকার্য বা গৃহীত ব্যবস্থা বৈধ বলে গণ্য হবে।
এখন থেকে ঢাকার ভূমির ব্যবহার নির্ধারণ, উন্নয়ন কার্যক্রম ও এর নিয়ন্ত্রণ ড্যাপের এই নতুন পরিকল্পনা দ্বারা পরিচালিত হবে।
এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২০ সালের ২ সেপ্টেম্বর খসড়া পরিকল্পনা প্রকাশ করে এর ওপর আপত্তি বা সুপারিশ দাখিল করার জন্য আহ্বান জানায়।
সর্বসাধারণের কাছ থেকে পাওয়া আপত্তি বা সুপারিশ বিবেচনা করে এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।