যখন সময় আসে পুলিশ ঘুরে দাঁড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যখন সময় আসে ঠিক তখনই পুলিশবাহিনী ঘুরে দাঁড়ায়। যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছিল ২৫ মার্চ রাতে, যেমন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য। যেমন ঘুরে দাঁড়িয়েছিল করোনার সময়ও। পুলিশ বাহিনী  সব কাজেই সম্মুখসেনা কাজ করে যাচ্ছে। তাদের জন্যই আমরা  স্বস্তির জায়গায় আসছি, স্বস্তির জায়গায় থাকি।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য বাসস্থানের কথা বলতেন এবং স্বপ্ন দেখতেন। আজ তারই কন্যা তার প্রত্যেকটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। সেজন্যই  আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।