বগুড়ার কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আবদুল মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আকতার রসুল মুরাদ, সৈয়দ নুরে আলম সিদ্দিকী ও মোসাদ্দেক বিল্লাহ।
এর আগে সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ২০২১ সালের ১৩ আগস্ট কাহালু থানায় বিএনপির মেয়র আবদুল মান্নান, কাউন্সিলর ইউসুফ আলীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২২ নভেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
পরে গত ৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র ও প্যানেল মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। সে বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মেয়র আব্দুল মান্নান ও কাউন্সিলর ইউসুফ আলী হাইকোর্টে রিট দায়ের করেন।