মহানগর সরকার ছাড়া ড্যাপ বাস্তবায়ন হবে না: আইপিডি

প্রস্তাবিত মহানগর সরকার ছাড়া আমলাতান্ত্রিক রাজউক দিয়ে মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না বলে জানিয়েছে  ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

বুধবার (১৪ সেপ্টেম্বর)   মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে রাজধানীর বনানীতে  আয়োজিত এক নগর সংলাপে একথা বলেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে পাঠ করে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বহুল আলোচিত মহানগর সরকার না নগর সরকার ব্যবস্থা এবারে  চালু করা দরকার । চিফ কাউন্সিলের তত্বাবধানে সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে অন্যান্য  সেবা সংস্থার প্রতিনিধি রাখার প্রস্তাবনা বিশদ অঞ্চল পরিকল্পনায় দেওয়া আছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উপদেষ্টামণ্ডলী ও নির্বাহী কমিটির কথা বলা হয়েছে। এগুলো রাজনৈতিক সদিচ্ছা না থাকলে হবে না। এ মহানগর সরকারে মাধ্যমে অবশ্যই আমাদের নগর ব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ড্যাপ বাস্তবায়নে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পেশাজীবী রাজউকে নিয়োগ করা দরকার। পাশাপাশি সিটি করপোরেশন মনিটরিংয়ের দায়িত্ব চায় তাদেরকেও লাগবে। আমলাতান্ত্রিক রাজউক বোর্ড দিয়ে এ উন্নয়ন নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজউকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। একটা হচ্ছে দুর্নীতির সঙ্গে আপোষ করা আরেকটি হচ্ছে পেশিশক্তির কাছে  কাছে নত হওয়া। এ আপোষ যতদিন চলতে থাকবে ততদিন ড্যাপে যত ভাল প্রস্তাবনাই থাকুক কোনও কাজে আসবে না।

ঢাকার বিকেন্দ্রীকরণ নিয়ে অধ্যাপক আদিল  বলেন,  ঢাকার ওপর চাপ কমানোর জন্য বর্ধিত এলাকার উন্নয়ন দরকার এজন্য দরকার সরকারি উদ্যোগ ও রাজেনৈতিক সদিচ্ছা। ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে উন্নয়ন নিয়ন্ত্রণ লাগবে। এখানে উন্নয়ন নিয়ন্ত্রণ না করা গেলে পূর্বাচলের উন্নয়ন হবে না।

ব্লকভিত্তিক উন্নয়নের বিষয় তিনি বলেন, তিন কাঠার প্লটে যদি ভবনে নয় তলা ভবনের অনুমোদন পাওয়া যায়, তাহলে ব্লক আকারে উন্নয়নে কে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম, রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিস্টিউট অব প্ল্যানার্সের সভাপতি ফজলে রেজা সুমন উপস্থিত ছিলেন।