রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ব্রজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০) নামের এক নিহত হয়েছেন। তিনি কাওরান বাজারে কাঠের ব্যবসা করতেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাওরান বাজার ডিআইটির বিপরীত পাশে খ্রিষ্টানপাড়ার অদূরে কলাপট্টি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তৌকির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, হেঁটে রেল লাইনে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বিনয় চন্দ্র মণ্ডল জানান, তেজগাঁওয়ের কাওরান বাজার খ্রিষ্টানপাড়ায় তাদের বাসায় তার বোন বেড়াতে এসেছেন। আর এজন্য তার বাবা সকালে বাজার করে বাসায় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাবাদিয়া গ্রামের মৃত মতি লাল চন্দ্র মন্ডলের ছেলে ব্রজেন্দ্র চন্দ্র মণ্ডল। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।