দুলাভাইকে ‘ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে’ শ্যালক গ্রেফতার

রাজধানীর উত্তরায় দুলাভাইকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মো. রনি (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৯০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

ওসি জানান, মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের জনপথ রোড থেকে রনিকে  গ্রেফতার করা হয়। রনি এসব ইয়াবা মো. আব্দুল কাদের নামে একজনের মোটরসাইকেলে রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন।  রনি ও আব্দুল কাদের সম্পর্কে শ্যালক-দুলাভাই। গ্রেফতার রনি গাজীপুর জেলার শিবচর থানার মো. লাল মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সোর্স পরিচয় দিয়ে রনি পুলিশকে ফোন দেন। তিনি জানান, আব্দুল কাদের নামে এক ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেলের সিটের নিচে করে ইয়াবা পাচার করছে। পরে রনির দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চানিয়ে সেই মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু কাদের দাবি করেন, তিনি এসব ইয়াবা সম্পর্কে কিছুই জানেন না। এসময় সিটের লক ভাঙা দেখলে পুলিশের সন্দেহ হয়।

এরপর রনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কাদের রনিকে নিজের শ্যালক বলে পরিচয় দেন এবং তাদের মধ্যে পারিবারিক বিবাদ আছে বলে দাবি করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি স্বীকার করেন, দুলাভাই আব্দুল কাদেরকে ফাঁসাতে তিনি নিজেই এসব ইয়াবা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন এবং সোর্স পরিচয়ে পুলিশকে ফোন দেন।

রনি আরও জানান, মূলত তার বোনের সঙ্গে তার দুলাভাইয়ের পারিবারিক সমস্যা চলছিল। তাই দুলাভাইকে ‘শিক্ষা’ দিতে তিনি এই পরিকল্পনা করেন। এ ঘটনায় রনির বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।