রাষ্ট্রীয় ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা সিআইআই) ঘোষণা প্রত্যাহার ও প্রেস কাউন্সিল আইন সংশোধন দাবি জানিয়েছে গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের নিপীড়নের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটা সময় সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ধরে আইনশৃঙ্খলা বাহিনী মামলার তদন্ত করতো। আর আজ গণমাধ্যম যাতে দুর্নীতি, লুটপাট নিয়ে সংবাদ না করতে পারে তার জন্য ডিজিটাল গণমাধ্যম আইন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর মতো আইন তৈরি করছে। যাতে জামিন অযোগ্য রায়ের বিধান পর্যন্ত আছে। এসব আইন প্রত্যাহার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাই।
মানববন্ধন থেকে ২৯টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা প্রত্যাহার ও প্রেস কাউন্সিল আইন সংশোধন না করলে আগামী ২২ তারিখ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।
গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।