১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২২’ শুরু হচ্ছে ২১ অক্টোবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা সমিতিতে এই আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়েছে, গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা সমিতি'র ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের ৪টি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনী এবং সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তনে ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদল ও উন্মুক্ত মঞ্চে ৯টি পথনাটক, ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশুদল এবং একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনা নিয়ে এ উৎসব আয়োজিত হচ্ছে।
আনুমানিক ৩৫০০ জন শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের উৎসব উদযাপিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার এবং মো. আহকাম উল্লাহ।
স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালন করবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।
উল্লেখ্য, উৎসবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, পথনাটক, যাত্রাপালায় ভারত ও বাংলাদেশের মোট ১১১টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪.৩০মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। জাতীয় নাট্যশালায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে নর্তনালয়, পরিচালনায় ওয়ার্দা রিহাব।
সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ উৎসব উদযাপিত হবে।