নেতা হতে হলে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন, কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন। তিনি বলেন, ‘তাঁর (বঙ্গবন্ধু) সংগঠনের নেতা হতে হলে তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পাবনার সাথিয়ার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত  আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংগঠনের নিষ্ক্রিয় কর্মীদের বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘পদ-পদবি নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। মাদক-ধূমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন।  দেশকে ২০৪১ সালের মাঝে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনি আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমি বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আআহ্বান জানাচ্ছি।’