তৃতীয় বিশ্বের উচিত পশ্চিমাদের তিরস্কার করা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেছেন, ‘পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার ওপরে আরোপ হয়েছে, কিন্তু পরোক্ষভাবে এর ভুক্তভোগী তৃতীয় বিশ্বের দেশগুলো। আমারা আরও চড়া মূল্যে খাদ্য ও জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি। তাই বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর উচিত পশ্চিমা বিশ্বকে তিরস্কার করা।’

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রাশিয়া ইউক্রেন যুক্ত পথের শেষ কোথায়’ শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

লিখিত প্রবন্ধে বিনায়ক সেন বলেন, ‘রাশিয়ার ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব থেকে শিগগিরই আমাদের মুক্তি নেই, অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু সামাজিক পর্যায়ে এই অবস্থা নিরসনের জন্য জোরালো অবস্থান তুলে ধরা দরকার। প্রতিবাদ ওঠা উচিত বৃহত্তর সিভিল ও রাজনৈতিক সমাজের পক্ষ থেকেও।’

বিআইডিএস মহাপরিচালক বলেন, ‘একটি ‘মাল্টিপোলার’ বিশ্বের নীরব আত্মপ্রকাশ ঘটছে আমাদের সামনেই। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যেভাবে আশু সমাপ্তি চাই, তেমনিই আমাদের এই মাল্টিপোলার বিশ্বের নির্মাণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘পাশ্চাত্যকেন্দ্রিক বিশ্ব বহু আগে থেকে আমাদের শাসন করে চলেছে। রাজনৈতিক বা ভূরাজনৈতিক স্বার্থ এখন অর্থনৈতিক সম্পর্কের নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ চাপটা এখন বড় বেশি নগ্ন। এ অবস্থার নিরসন বা অবসান হওয়া দরকার।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, ‘ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষা ভারতের মতো দেশের পক্ষে যতটা সহজ, আমাদের জন্য উল্টো। বিশ্বব্যাংক বা আইএমএফ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, এমন ভয় রয়েছে। চীন-রাশিয়ার সঙ্গে সম্পর্ক নির্ণয়ে বাংলাদেশকে আরও হিসাব কষে এগোতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলীপ নাথ প্রমুখ।