বিএনপির সমাবেশের কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা

রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় পল্টন থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানো হয়েছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেছে কে বা কারা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড়ের দিকে যেতে এই হামলা হয়েছে বলে আমরা তার গানম্যানের কাছ থেকে মৌখিকভাবে শুনেছি। তবে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি।

তিনি বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন ইটিভির একটি প্রোগ্রামে আছেন। প্রোগ্রাম থেকে আসার পরে বিষয়টি শুনে অভিযোগ করলে মামলা হবে। তবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া কারা হামলা করছে সেটাও জানা যায়নি।

এ বিষয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ফকিরাপুল মোড়ে এসে ভাবলাম সমাবেশ চলা অবস্থায় কাকরাইলের দিকে যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু ওই সময়ই মাইকে ঘোষণা হলো, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে। কোনও গাড়ি থামানো হবে না। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। এ কথা শুনে আমি আশ্বস্ত হলাম।

তিনি বলেন, আমার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি ছিল। আমার গানম্যান পুলিশের গাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো যাওয়া যাবে কিনা। তারাও বলেন আসেন আসেন। একটু যাওয়ার পরেই, গাড়ির পাশে এসে কেউ একজন বললো গাড়ি ধরো। এটা বলতেই ২০-৩০ জন এসে আমার গাড়ি ঘিরে ফেলে। আমার গানম্যান তখন গাড়ির বাইরে ছিল। এ সময় আমি গ্লাস নামালে আমার মারলো। গাড়ি ভাঙচুর করলো, ড্রাইভার ও গানম্যানকে মারলো।

মানিক বলেন, তারা যে বলছে শান্তিপূর্ণ মিছিল হেন-তেন এগুলো সব রাবিশ। আজ আমার চোখের সামনে প্রমাণিত হয়ে গেলো। ওরা আজ আমাকে মেরেছে, এখন তো কেউ নিরাপদ না। কাল আরও অনেককেই মারবে। কমিশনার ফোন করেছিলেন। তিনি বলেছেন একটা লিখিত অভিযোগ দিতে। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করবেন। আমরা ইতোমধ্যে মামলা করে দিয়েছি।