১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী গণআন্দোলনের সময় তোলা নূর হোসেনের সব ছবি স্বত্বাধিকারমুক্ত ঘোষণা করেছেন কানাডা প্রবাসী খ্যাতিমান আলোকচিত্রী দিনু আলম।
বুধবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ফটোগ্রাফিক ডকুমেন্ট ১০ নভেম্বর ১৯৯৭—দিনু আলমের ক্যামেরায়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সেদিনের কথা উল্লেখ করে দিনু আলম বলেন, ‘১৯৮৭ সালের ১০ নভেম্বর আমি মোট ৩৫টি ছবি তুলেছিলাম। ৩৫ বছর ধরে আমি ছবিগুলো নিজের কাছে সযত্নে আগলে রেখেছিলাম। কিন্তু এই ছবিগুলো বাংলাদেশের গত ৫০ বছরের ইতিহাসের অংশ। তাই আমি মনে করি—এই ছবিগুলো উন্মুক্ত করা দরকার। ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম যেন আরও বিস্তারিত জানতে পারে এটাই চাওয়া।’
‘আগামী প্রজন্মের জন্যে আপনারা চাইলে ছবিগুলো ব্যবহার করতে পারেন কোনও রয়্যালটি এবং অনুমতি ছাড়াই। শুধু অনুরোধ, ফটো ক্রেডিটটা যেন আমি পাই’- যোগ করেন দিনু আলম।
‘ফটোগ্রাফিক ডকুমেন্ট ১০ নভেম্বর ১৯৯৭-দিনু আলমের ক্যামেরায়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের ট্রেজারার খায়রুজ্জামান কামাল।
আরও পড়ুন: নূর হোসেনকে দেখেই মনে হচ্ছিল জ্বলন্ত পোস্টার হেঁটে যাচ্ছে