র‍্যাবের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চোনপাড়া বস্তিতে অভিযানে র‍্যাবের গুলিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিটি শাহীন গুলিবিদ্ধ হয়েছে। পরে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানকালে সিটি শাহীনের কাছ থেকে ৪৫ গ্রাম হেরোইন, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরের পর নারায়ণগঞ্জের চোনপাড়া বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে থাকা ২৩ মামলার আসামি শাহীন র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পরে র‍্যাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় শাহীনের পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।