বিনা শর্তে সরাসরি ধারাবাহিক ছাড়পত্র সনদ-সিডিসি প্রদানসহ দুই দফা দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি-আইএমটির শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী ধনপতি চন্দ্র রায় বলেন, ২০১০ সাল থেকে অদ্যবধি ও ভবিষ্যতে আইএমটিসমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ধারাবাহিক ছাড়পত্র সনদ-সিডিসি প্রদান করতে হবে। মার্চেন্ট শিপে ১২ মাস সি সার্ভিস সম্পন্ন করার পর সিওসি ক্লাস-থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, গত ৯ জুন সিডিসি প্রদান বিষয়ে এনএসডিতে আয়োজিত সভায় আমাদের সুবিধার বিষয়টি নজর দেওয়া হয়নি। মার্চেন্ট শিপে ৩০ মাস সি-সার্ভিস সম্পন্ন হলে ক্লাস-থ্রি পরীক্ষার জন্য উপযুক্ত বিবেচিত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াররা কখনও সিডিসি পাবেন না।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সাল থেকে সিডিসি না পাওয়া শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করলে সরকার অন্তত ১৭ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করতে পারতো। আমাদের স্বার্থ উদ্ধারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।