২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক নেতারা। আগামী ২৬ নভেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এরআগে পুরান ঢাকার বাংলাবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল গুলিস্তান-পল্টন-বিজয়নগর শ্রম ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো গেজেটের মেয়াদ ১ বছর ৫ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালিক-সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণার কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি সরকারের সংশ্লিষ্ট দফতরে উত্থাপন হওয়ার পর মালিক-সরকার-শ্রমিকদের ত্রিপক্ষীয় একটি সভা গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হলেও পরবর্তীতে আর কোনও উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য আতিকুল ইসলাম টিটু বলেন, 'বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের নৌশ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মজুরি কাঠামোর বিষয়টা সরকার ও সংশ্লিষ্টদের কারও বিবেচনায় নেই। এমন পরিস্থিতিতে সকল স্তরের নৌযান শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে আগামী ২৬ নভেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে।'

সমাবেশে সভাপতিত্ব করেন নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খলিলুর রহমান ও পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নৌশ্রমিক নেতা আবু সাঈদ ড্রাইভার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, নৌশ্রমিক নেতা খায়ের উদ্দিন ড্রাইভার, নুর আলম মাস্টার, বাল্কহেড শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, আবদুস সালাম মাস্টার, আইএমই ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া, আব্দুর রহমান মাস্টার, হারুন অর রশিদ মাস্টার, নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. আজিজুল হক মাস্টার, যুগ্ম-আহ্বায়ক মো. মানিক শরীফ মাস্টার, নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিন্টু, মাহাবুব হক মাস্টার, মাঈনুল ইসলাম মানিক ড্রাইভার প্রমুখ।