ভারতীয় বিমান বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভারতের হায়দারাবাদে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী অ্যাকাডেমিতে কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) ছিল এই আয়োজন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে ভারতীয় বিমান বাহিনীর এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ, ট্রেনিং কমান্ড এবং অ্যাকাডেমির কমান্ড্যান্ট তাকে স্বাগত জানান।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান উড্ডয়ন ও নেভিগেশন শাখার ক্যাডেটদের মাঝে ‘উইং’ এবং প্রশিক্ষণে সেরা চৌকস ক্যাডেটকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন। এছাড়াও তিনি ফ্লাইং, নেভিগেশন ও গ্রাউন্ড শাখার সেরা ক্যাডেটদের মাঝে ‘প্রেসিডেন্ট প্লাক’ প্রদান করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তা এবং সবার উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দুই দেশের মধ্যে পারস্পারিক আস্থা ও যৌথ মহড়া এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

শেষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে অনুষ্ঠিত ফ্লাইপাস্ট অবলোকন করেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর আমন্ত্রণে সরকারি সফরে ভারত যান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান।