চলতি বছর হজ পালনে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের ‘হজ চুক্তি’ অনুষ্ঠিত হতে পারে আগামী ৯ জানুয়ারি। চুক্তি অনুযায়ী, আগের কোটা বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি হজ চুক্তি হবে। ধর্ম প্রতিমন্ত্রীর (ফরিদুল হক খান) নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছরে জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, এবারও বাংলাদেশ থেকে স্বাভাবিক সময়ের মতো এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। জনসংখ্যা অনুযায়ী করোনাভাইরাস মহামারির স্বাভাবিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবার সৌদি সরকার বাংলাদেশকে আগের কোটা অনুযায়ী এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিতে পারে। এরমধ্যে ১৫ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন। সেই অনুযায়ী খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞাও প্রত্যাহার চাইবে বাংলাদেশ।
এবার রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হবে। এজন্য আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ বাংলাদেশ সফরে এলে গত ১৩ নভেম্বর এ চুক্তি হয়।