রাজধানীর পোস্তগোলা সেতুর ঢালে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি পুরুষ। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল চেক লুঙি ও কমলা রঙের হাফ হাতা পলো গেঞ্জি।
হাসপাতালে নিয়ে আসা পথচারী তানভীর হাসান ও পারভেজ জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তায় পারাপারের ঢাকাগামী দ্রুতগতির সাদা একটি হায়েচ মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই পা ভেঙ্গে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
সে সময় মাইক্রোবাসটি পালিয়ে যায়। আর আহত ব্যক্তিকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।