রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি মেস থেকে মজিবুর রহমান (৫০) নামে এক মসজিদের খাদেম ও সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেসে তার রুমের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মজিবুর রহমান পেশায় সিএনজি অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায়। রেলওয়ে কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদের মেসে থাকতেন তিনি। দিনে মসজিদের খেদমত করতেন। পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
এসআই বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়িতে জমি-সংক্রান্ত জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না তা সোমবার ময়নাতদন্তের পর জানা যাবে।