রাজধানীতে যুবকের মৃতদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকার রাস্তা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।

মরদেহটি উদ্ধারকারী পথচারী অটোরিকশা চালক রুবেল মিয়া জানিয়েছেন, রবিবার (২২ জানুয়ারি) ভোরে ধলপুর বউবাজার মেইন রাস্তায় রক্তাক্ত উপুর অবস্থায় পড়ে ছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ভোর সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত যুবকের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরের ছুরিকাঘাতে মতো জখম রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, কীভাবে, কী কারণে ঘটনাটি ঘটেছে, ছিনতাই শিকার নাকি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে; তা তদন্ত ও ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। 

থানা পুলিশের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।