বইমেলায় কথাসাহিত্যিক আনিসুল হক

মানবিক সমাজ গড়তে হলে সাহিত্যের কাছে আসতে হবে

দেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক মনে করেন, ‘মানবিক সমাজ গড়তে হলে মানুষকে সাহিত্যের কাছে আসতে হবে। শুধু ক্যারিয়ার কেন্দ্রিক নয়, আরও বেশি বেশি গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ, জ্ঞানের বই, শিল্পের বইও পড়তে হবে। সেই সঙ্গে প্রচুর কবিতা ও সাহিত্য পড়তে হবে।

'অমর একুশে গ্রন্থমেলা ২০২৩' এর তৃতীয় দিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মেলায় বাংলা ট্রিবিউনের মুখোমুখি হন কথাসাহিত্যিক, সাংবাদিক ও কবি আনিসুল হক। এসময় তিনি এবছর বই মেলায় তার প্রকাশিত বই, প্রত্যাশা, নবীন লেখকদের বই প্রকাশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বাংলা ট্রিবিউন: বই মেলায় কতগুলো বই আসবে?

আনিসুল হক: প্রথমা থেকে এবার দুইটা বই এসেছে, একটা লেখক সঙ্গ স্মৃতি আনন্দ, অপরটি পারিজাতের জন্য ভালোবাসা, উপন্যাস। এছাড়াও আরও গোটা পাঁচেক বই আছে; উপন্যাস, ছোটোগল্প ও কিশোর গল্পের বই, সেগুলো ইতোমধ্যে কয়েকটা প্রকাশ হয়েছে, বাকিগুলো আসছে।

বাংলা ট্রিবিউন: এবছরের মেলা কেমন লাগছে?

আনিসুল হক: বইমেলায় পাঠকদের সাড়া খুব ভালো। দুই বছর করোনার কারণে মেলা হয়নি, গতবছর মার্চে বইমেলা হলো, সবমিলিয়ে এবছরের বইমেলাটা ভালো হবে। যদিও স্টল সজ্জাটা আমার পছন্দ হয়নি, বেশি ঘন ঘন করে ফেলেছে। একটু গুছিয়ে নকশা করা যেতো।

বাংলা ট্রিবিউন: মেলা নিয়ে আপনার প্রত্যাশা।

আনিসুল হক: কিছু ভালো বই বের হবে এবার। তবে আমি চাইবো, আমাদের শিশু-কিশোররা সাহিত্য পড়ুক। অনেক সময় তারা ক্যারিয়ার গঠনমূলক বই পড়ে, শুধু ক্যারিয়ার-ক্যারিয়ার করলে হবে না। গল্প, কবিতা না পড়লে হৃদয়বান মানুষ হওয়া যায় না। মানবিক সমাজ গড়তে হলে আমাদের সাহিত্যের কাছে আসতে হবে।সেজন্য গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ লাগবে, জ্ঞানের বই লাগবে, শিল্পের বইও লাগবে। সেজন্য প্রচুর কবিতা যেন পড়ে, সাহিত্য যেন মানুষ পড়ে আমার আহ্বান।

বাংলা ট্রিবিউন: শোনা যাচ্ছে কাগজের দামের কারণে নতুন লেখকদের বই প্রকাশের সংখ্যা কমেছে, বিষয়টি আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

আনিসুল হক: বই শেষ পর্যন্ত বের হবেই। এটা সত্যি প্রথমদিকে কার্যক্রম খুব বেশি হয়নি, প্রকাশকরা কী করবেন বুঝতে পারছিলেন না। শেষে দেখা গেলো যে কাগজ পাওয়া যাচ্ছে, তাতে বই প্রকাশ করা যাচ্ছে এবং বইয়ের দাম যে খুব বাড়ছে তা না। বই প্রকাশ না হলে নবীনরা দুঃখ পাবে, সেই দুঃখ আমাদের স্পর্শ করবে।'