ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে আগুনের ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
কমিটির অন্য দুই হচ্ছেন— সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আশরাফুন নাহার ও ঢামেক গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফিন।
সহকারী পরিচালক আশরাফুল আলম জানিয়েছেন, ডায়ালাইসিস সেন্টারের বাইরে এসির তার পুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। সে সময়ে ডায়ালাইসিস কিছু সময় বন্ধ রেখে পুনরায় চলমান রোগীদের ডায়ালাইসিস সম্পন্ন করা হয়। পরে বিদ্যুতের সব সংযোগ পরীক্ষা করে সকালে আবার মেশিনগুলো চালু করা হয়। তিনি বলেন, সকাল থেকেই ৩৪টি মেশিনই চালু রয়েছে, ডায়ালাইসিস চলছে।