দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছে একটি চক্র। বৈধ পণ্যের আড়ালে অবৈধভাবে এসব ওয়াকিটকি আনা হচ্ছে। এসব ওয়াকিটকি সেট ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে চক্রের সদস্যরা। এ চক্রের সন্দেহভাজন মূলহোতা মোহাম্মদ আলী খাঁনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৩।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) বিকেল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দুটি ওয়াকিটকি সেট, দুটি ব্যাটারি, দুটি চার্জার এবং দুটি অ্যান্টেনা জব্দ করা হয়।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি করে আসছে। সে বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এসব অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধী চক্রের সদস্যরা নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এতে করে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনসাধারনের আস্থা হ্রাস পাচ্ছে।
এ ধরনের অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে বলেও জানান র্যাব-৩ অধিনায়ক। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাব।