পানির অভাবে আগুন নেভাতে দেরি

রাজধানীর গুলশান-২ এর বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।

তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিন জন বার্ন ইউনিটে আছে, একজন মারা গেছে। আমি আগুন নির্বাপণকেই প্রায়োরিটি দিচ্ছি।’

তিনি জানান, ‘আগুন নেভানোর কাজে বেশি সময় লাগার কারণ পানির কোনও উৎস ছিল না। পাশে যে ভবনগুলো আছে সেখান থেকেও পানি নেওয়া যাচ্ছিলো না। আমরা যে পানি এনেছি সেগুলো দিয়ে কাজ চালিয়েছি। এরপর বিভিন্ন জায়গা থেকে পানি নিয়েছি। রাস্তার পাশে যে ভবনগুলো আছে এগুলোর কাছাকাছি যেতে পারছিলাম না। ’

জেনারেল মাঈন উদ্দিন আরও যোগ করেন, ‘এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত জীবিত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তিন জন বার্ন ইউনিটে আছে। একজন মারা গেছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে।’

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও।