জন্মনিবন্ধনে জালিয়াতি: ডিএনসিসির একজন চাকরিচ্যুত, অন্যজন বরখাস্ত

জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে জন্মনিবন্ধন দেওয়ায় দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদের একজনকে চাকরিচ্যুত ও অপরজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত কর্মচারীর নাম মাফরুজা সুলতানা। সর্বশেষ তিনি  ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে অঞ্চল-৩ ও ৯ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনরত অবস্থায় তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণকারী রাশিয়ান বংশোদ্ভূত বাবা-মার ঔরসজাত সন্তান এলিনা তৌহিদের জন্ম নিবন্ধন অবৈধভাবে প্রদান করেন।

এছাড়াও তার বিরুদ্ধে সই জাল করে বিভিন্ন সময় জন্মনিবন্ধন দেওয়া এবং যারা আইনগতভাবে জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নয়—তাদেরকে সনদ দেওয়ার অভিযোগ রয়েছে।

সাময়িক বরখাস্ত অপর কর্মকর্তার নাম আজিজুন নেছা। তিনি ডিএনসিসির অঞ্চল-৩ এবং ৯-এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।