রাজধানীর কাওরান বাজারে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর কাওরান বাজার মাছের আড়তের সামনে মো. ফারুক (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে রাত সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। 

নিহতের বন্ধুর দাবি, রাত আনুমানিক পৌনে একটার দিকে স্থানীয় ছিট্টু, সাব্বিরসহ ৪/৫ জন তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক মাছ বাজারে কাজ করতেন। কাওরান বাজার মোল্লা বাড়ি এলাকায় স্ত্রী ফিরোজা ও এক মেয়েসহ  পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। 
 
এঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে।