সায়েন্সল্যাবে বিস্ফোরণ

কোনও বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়নি: সেনাবাহিনী

রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় কোনও বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশে সেনাবাহিনী। রবিবার (৫ মার্চ) বিকালে ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ৫৭ ইঞ্জিনিয়ার কোম্পানি কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী।

তিনি বলেন, ‘আমরা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিটের সদস্য। আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করেছি। প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর আমরা বুঝতে পারি এ বিস্ফোরণ কোনও বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো, তাহলে আমাদের যন্ত্রের পরীক্ষায় বুঝতে পারতাম।’

কোম্পানি কমান্ডিং অফিসার আরও বলেন, ‘যেহেতু আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক ব্যবহারের কোনও আলামত পাইনি, সেহেতু আরও তদন্ত করলে জানা যাবে বিস্ফোরণটি কেন ঘটেছে।’

প্রাথমিকভাবে কী মনে হচ্ছে, জানতে চাইলে মেজর বারী বলেন, ‘এটা যেকোনও কারণে বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানার জন্য আমাদের আরও তদন্ত করতে হবে। আমরা যেহতু বিস্ফোরক শনাক্ত করি আমাদের যন্ত্র দিয়ে, তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি এখানে বিস্ফোরক দ্রব্যের কোনও আলামত পাওয়া যায়নি। বারুদ বা আইইডি ব্যবহারের কোনও আলামতও পাওয়া যায়নি।’