কায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরোর প্রটোকলের জন্য বরাদ্দ বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় করা মামলায় গাড়িটির চালক সোহরাব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
শুক্রবার (৩ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য রবিবার (৫ মার্চ) দিন ধার্য করেন। এদিন তার আইনজীবী শুনানির জন্য সময় চাইলে বিচারক সোমবার (৬ মার্চ) জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।
প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে আর্জেন্টিনার ৩৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তার প্রটোকলের জন্য বরাদ্দ বিএমডব্লিউ গাড়িটির চালক ছিলেন পরিবহন পুলের চালক সোহরাব মিয়া।
পরের দিন (২৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজ বাসায় চলে যান চালক সোহরাব মিয়া। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেন। মামলার পর সোহরাব মিয়াকে গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ।
এ ঘটনায় গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়িচালক সোহরাবকে বরখাস্ত করে।
আরও পড়ুন: