দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ওই ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে নাকি নাশকতা চালানো হয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রয়েছে। তারা এসব বিষয় খতিয়ে দেখছে। তারা তদন্ত করে দেখছে এটি নাশকতা না কোনও দুর্ঘটনা। অনেক সময় আপনারা জানেন, গ্যাস জমলে পরে, মিথেন গ্যাস হতে পারে, এসির গ্যাস হতে পারে, পয়োনিষ্কাশনের গ্যাস হতে পারে, এসব গ্যাসের কারণে বিস্ফোরণ হতে পারে।

তিনি বলেন, এছাড়া কোনও নাশকতা কিনা এসব বিষয়ে আমাদের যারা এক্সপার্ট তারা তদন্ত করে দেখছে। তদন্তের পর বলা যাবে এটি নাশকতা না দুর্ঘটনা।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা খুবই মুশকিল। তবে খালি চোখে আমরা কোনও কিছু পাইনি। সালফারের গন্ধ বা বিস্ফোরকের গন্ধ ক্লিয়ার বোঝা যায়নি। কোনও ধরনের স্প্লিন্টার আমাদের চোখে পড়েনি। বিভিন্ন বিষয় আমাদের মাথায় আছে। আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। ফায়ার সার্ভিসও কাজ করছে। কয়েক দিন পরে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে। সময় দিতে হবে।