বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপপরিচালক এবং মিডিয়া প্রধান রিয়াজুল হক বলেছেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের চাহিদা অনুযায়ী শিল্প সচিব ও বিএসটিআই মহাপরিচালকের নির্দেশে একটি প্রতিনিধি দল সকাল থেকে উদ্ধার অভিযানে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ভবনটির নিচ তলায় জমে থাকা চার বোতল পানি আমাদের বিএসটিআই ল্যাবে পরীক্ষা করার জন্য সরবরাহ করেছে। আমরা এটি পরীক্ষা করে দেখবো এই পানির সঙ্গে কোনও বিস্ফোরক উপাদান আছে কিনা।
বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্স) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যে বসেছেন। তারা এখানে আসবেন। পরবর্তী নির্দেশনা দেবেন। এখনও উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা এলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করেছে।