রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৪৫) নামে এক কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা আলামিন বলেন, আব্দুল জলিল শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের চালক ছিলেন। আমিও একই কোম্পানির কাভার্ডভ্যানের হেল্পার। আমাদের গাড়ি ও জলিলের গাড়ি টঙ্গীতে সিমেন্ট আনলোড শেষে মুক্তারপুরে ফিরছিল। পরে রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের পাশে সড়কে গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করবে বলে গাড়ির ডান পাশের গেট খুলে নিচে নামেন জলিল। সেসময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে পায়ে ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয় জলিল।
সেখান থেকে জলিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জলিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জের আব্দুর রশিদের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ মুক্তারপুরে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।