এসডিজি লোকালাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়করণের কর্মপদ্ধতি ও টুল বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি)।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ কর্তৃক যৌথভাবে তৈরি করা এই টুলটি সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা পর্যায়ে এসডিজি অর্জনের লক্ষ্যে কার্যক্রম অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে।

জার্মান সরকারের অর্থায়নে ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ)’ প্রকল্পের সহায়তায় হিসেবে কর্মশালাটি আয়োজিত হয়। আইসিআইসিএফ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেড বাংলাদেশ।

এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সদস্যরা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও পৌরসভা থেকে অংশগ্রহণকারী ৩০ জনের জন্য এই টুল এবং ট্রেনিং ম্যানুয়াল উপস্থাপন করেন।

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছ থেকে ট্রেনিং হ্যান্ডবুক সম্পর্কে পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপট অনুসারে প্রকল্প পরিকল্পনার মাধ্যমে কীভাবে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে সে সম্পর্কে জানতে পারেন। একইসাথে তৈরি করা ট্রেনিং হ্যান্ডবুকের বিভিন্ন মডিউল নিয়ে আলোচনা হয় এবং এক্সেল ভিত্তিক মনিটরিং টুলের ব্যবহার পদ্ধতিও দেখানো হয়। এই টুলটি এসডিজি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে স্থানীয় সরকারের অর্জন মূল্যায়ন করার জন্য তৈরি করা হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আখতার হোসেন। এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, যুগ্ম-সচিব (এসডিজি বিষয়ক) প্রধানমন্ত্রীর কার্যালয়; মোঃ শাহরিয়াজ,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা বিভাগ এবং জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. ফেরদৌস আরা হোসাইন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এনআইএলজি’র সহযোগিতায় আইসিআইসিএফ প্রকল্পটি স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিবেচনায় রেখে এসডিজি স্থানীয়করণের জন্য একটি পদ্ধতি ও টুল প্রণয়নে সহায়তা করছে। প্রকল্পটির মাধ্যমে কয়েকটি সিটি করপোরেশন ও পৌরসভায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহ এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করতে সাহায্য করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে, এসডিজি-অন্তর্ভুক্ত জলবায়ু প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সবার অন্তর্ভুক্তির জন্য একটি টুল ও পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা পূরণের জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।