রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মেয়র। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, সকালে অগ্নিকাণ্ডের অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনও খবর আসেনি।