রাজধানীর বঙ্গবাজারের আগুনের সংবাদ জানতে পেরে প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাৎক্ষণিকভাবে সেবা দিতে জনবল বাড়ানো হয়েছে। কোনও রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সকালে সংবাদ শোনার পর পর আমরা হাসপাতালে ছুটে আসি। পাশাপাশি আমাদের স্টাফদের সংবাদ দিয়েছি। যাদের ডিউটি নেই তাদেরও এনে রেখেছি। আমরা আমাদের সব প্রস্তুতি নিয়ে রেখেছি।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এছাড়াও আমাদের এখানে সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে জানিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও রোগী আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হবে।
ফায়ার সার্ভিস এখন পর্যন্ত বঙ্গবাজারে কোনও হতাহতের তথ্য দেয়নি। সকাল ১০টা নাগাদ বঙ্গবাজার থেকে কোনও রোগী আসেনি।