আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের পর বাসেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) থেকে বাস কাউন্টারগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে, বিক্রি চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাসের ঈদের আগাম টিকেট বিক্রির প্রথম দিনে কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় নেই। তবে যে কয়েকজন টিকিটের জন্য আসছেন, তাদের মধ্যে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত টিকেটের চাহিদাই বেশি দেখা যাচ্ছে।
আগাম টিকিট বিক্রি হওয়া বাস কোম্পানিগুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, এ কে ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, রয়েল, পূর্বাশা, চুয়াডাঙ্গা ডিলাক্স কাউন্টারে কিছুটা ভিড় দেখা গেছে। এসব পরিবহনের খুলনা বিভাগের বিভিন্ন রুটের টিকিট বেশি বিক্রি হচ্ছে।
সোহাগ পরিবহনের গাবতলী বাস টার্মিনালের কাউন্টার মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হলেও ততটা ভিড় এখনও হচ্ছে না। যাত্রীরা এখন অনলাইনেই টিকিট কাটছেন। আর যারা আসছেন, তারা ২০ এপ্রিলের টিকিটই বেশি চাইছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘ঈদ উপলক্ষে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসগুলোর আগাম টিকিট মিলছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘অগ্রিম টিকিট আসলে বলার জন্যই বলা। বাসের টিকিট সব সময় উন্মুক্ত থাকে।’