কল্যাণ ট্রাস্টের কালো আইন বাতিল, যুগোপযোগী প্রেস কাউন্সিল আইন তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।
রবিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
দেশের ক্রান্তিলগ্নে সাংবাদিকরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করেন বলে জানান এফবিজেও-এর মহাসচিব এস এম হানিফ আলী। তিনি বলেন, বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ‘সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। সুতরাং, সাংবাদিকদের পেশাগত কাজের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী ও শক্তিশালী করে দেশের অভিন্ন নীতিমালা প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার এবং প্রতিটি উপজেলায় একটি কল্যাণ ট্রাস্ট সংগঠন করে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।’
এ সময় এই দাবি বাস্তবায়নে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সব প্রস্তাবনা তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে—
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের মূল্যায়ন করতে হবে। দেশের সব সাংবাদিক ও সাংবাদিক সংগঠন তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস কাউন্সিলের মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় ও শনাক্তকরণে নিবন্ধন করতে হবে।
রাষ্ট্রীয়ভাবে ৩ মে ‘বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস’ ও ১৪ ফেব্রুয়ারী ‘প্রেস কাউন্সিল দিবস’ পালন করতে হবে।
গণমাধ্যম সংশ্লিষ্ট যেকোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিতে ফেডারেশনের মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং রপুলিশ বা সরকারি ব্যক্তি পেশাগত কাজে সাংবাদিকদের বাধা প্রদান করলে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করতে হবে।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব এস এম হানিফ আলীসহ সংগঠনের নেতারা।