দুদক কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদের বাছাই কমিটি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা বলা হয়।

দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটির সভাপতি করা হয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। অন্য সদস্যরা হলেন- বিচারপতি জে. বি. এম. হাসান, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনারের পদ শূন্য হবে শিগগিরই। সেই পদে একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ দিতে দুদক আইন-২০০৪ এর ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

বাছাই কমিটির কার্যপরিধি বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি, কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে, উপস্থিত সদস্যদের অন্যূন তিন জনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে উক্ত আইনের ধারা-৬ এর অধীন নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অন্যূন চার সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ওই বাছাই কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।