বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যে গঠিত চিকিৎসক বোর্ডের সদস্যরা জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।