শাহজাহানপুরে প্রাইভেটকারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর শাহজাহানপুরে ফরচুন মার্কেটের বিপরীতে পাশের রাস্তায় জ্যামে থাকা অবস্থায় সিলিন্ডার লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন। এতে একই পরিবারের শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯ টার দিকে ঘটনাটি ঘটে। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস.এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধরা হচ্ছেন, মাসুম পারভেজের (৪২) ৮ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী সখিনা আক্তার কাজল (৩৮) ৫ শতাংশ, ছেলে নাফিজ পারভেজ আজান (১৩) ৬ শতাংশ এবং মেয়ে  জান্নাতুল ফেরদৌস এশার (১০) ৮ শতাংশ দগ্ধ হয়েছে।  

দগ্ধ মাসুম পারভেজের ভাই জানান, তার ভাই গাড়ির ব্যবসা করেন। তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট। তারা স্ব-পরিবারে মার্কেটে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পারেন। 

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাইভেট কারের সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।