টানা দুই সপ্তাহের তীব্র দাবদাহে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসীর। তাপমাত্রা ভেঙেছে ৫৮ বছরের রেকর্ড। অবশেষে বহুল প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুর না গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতে শুরু করে। বিকাল ৫টার পর থেকে ঝড় শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তপ্ত রাজধানীর বুকে বৃষ্টির ফোঁটা আনে স্বস্তি।
শনিবার ঈদ হলে এদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে তার আগেই শুক্রবার বিকাল না পেরোতেই তপ্ত রাজধানীর বুকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর আসতে শুরু করে। রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কাওরান বাজার, মগবাজার, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
গত দুই সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রেকর্ড তাপমাত্রার মধ্যেই চলে রমজান ও ঈদুল ফিতরের প্রস্তুতি। ঈদের আগ মুহূর্তে এমন স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কম অনুভূত হতে শুরু করেছে।
এইদিন সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, ‘ঈদের দিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আমরা জানাচ্ছি। তবে এই বৃষ্টি টানা সব জায়গায় হবে এমন আশা করছি না। থেমে থেমে কোথাও কোথাও হতে পারে।’
তিনি বলেন, এই বৃষ্টির ফলে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে।