যাত্রাবাড়ী চৌরাস্তার সড়ক থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশে সড়ক থেকে মঙ্গলবার বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত পুরুষ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ছাই রঙের হাফ গেঞ্জি ও পুরনো চেক লুঙ্গি। তার বয়স আনুমানিক ৫৫ বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পাশে বাদামগাছ-সংলগ্ন সড়ক থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, প্রাথমিকভাবে ও স্থানীয়দের থেকে জানা যায়, মৃত ব্যক্তি দুই মাস ধরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতেন। পার্কের মধ্যেই ভাসমান অবস্থায় ঘুমাতেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। অন্য কোনও কারণ রয়েছে কি না, তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।