সময়ের গুণী শিল্পী হাসুরা আক্তার রুমকির একক শিল্পকর্ম ‘সেলফ অ্যান্ড আদার্স’ প্রদর্শনী চলতি বছরের ২৭ জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে। এবার গ্রিসের এথেন্সে ক্লাব ফর ইউনেস্কোর আমন্ত্রণে ২ মে তার দ্বিতীয় একক প্রদর্শনীর উদ্বোধন হলো। এর শিরোনাম ‘ফ্রিডম অ্যান্ড পিস’।
ক্লাব ফর ইউনেস্কো অব পাইরিয়াস অ্যান্ড আইল্যান্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল ‘একশন আর্ট ক্লাব’-এর এই প্রদর্শনীতে স্থান পেয়েছে হাসুরা আক্তার রুমকির আঁকা ১৮টি চিত্রকর্ম। এসব শিল্পকর্মে রঙ-তুলিতে নিজের এবং পারিপার্শ্বিক নানা বিষয় ফুটিয়ে তুলেছেন শিল্পী। শিল্পকর্মগুলোর মধ্য দিয়ে স্বাধীনতা জয়ের জন্য অবিরাম প্রচেষ্টার পাশাপাশি রয়েছে ব্যথা, হতাশা ও অবক্ষয় থেকে আলোর রথে মুক্তির অব্যক্ত প্রকাশ।
হাসুরা আক্তার রুমকি বলেন, ‘বাংলাদেশে প্রথম একক প্রদর্শনীতে ব্যাপক সাড়া পাওয়া বিদেশে এমন প্রদর্শনী করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এবার প্রদর্শনীটি চলছে গ্রিসে, তাও আবার আমার একক প্রদর্শনী। এটি আমার এবং আমার শিল্প চর্চার জন্য একটি স্মরণীয় ঘটনা। শিল্পের জন্য, শিল্পকে নিয়ে আরও অনেক দূর এগোতে চাই আমি।’
তিনি জানান, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পার্লামেন্ট মেম্বারসহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট অব ক্লাব ফর ইউনেস্কো অব পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডস এবং ইন্টা: অ্যাকশন আর্টের সিইও লোননিস মারোনিটিস। উদ্বোধনী অনুষ্ঠানে দ্য কালচারাল সেন্টার ‘আর্গো’ পার্টিসিয়েটস উইথ ড্যান্সিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা।
কাজের প্রশংসা স্বরূপ নানা পুরস্কার পাওয়া হাসুরা আক্তার রুমকি জানান, ক্লাব ফর ইউনেস্কো অব পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডসের আয়োজনে ওয়ার্ল্ড পিস ডের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়েছে তাকে। প্রদর্শনী শেষে আগামী ২৭ মে দেশে ফিরবেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওরিয়েন্টাল আর্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন হাসুরা আক্তার রুমকি। ২০২১ সালে জাপানের কাহাল আর্ট গ্যালারিতে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়া কয়েকটি গ্রুপ আর্ট প্রদর্শনী, কর্মশালা, আর্টক্যাম্প, প্রকল্প ও আর্ট রেসিডেন্সিতে অংশ নিয়েছেন হাসুরা।