যুক্তরাজ্যের তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে সশস্ত্র বাহিনীর সামরিক কন্টিনজেন্টটি।
সোমবার (৮ মে) সামরিক কন্টিনজেন্টটি দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গত ২৭ এপ্রিল কন্টিনজেন্টটি রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়েছিল।
আইএসপিআর জানায়, যুক্তরাজ্যের রাজার রাজ্যাভিষেক উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর দশ সদস্যের একটি সামরিক কন্টিনজেন্ট পাঠানো হয়েছিল। ৬ মে লন্ডন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়। বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আনুমানিক ২ হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করতে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ছাড়াও ৪০টি দেশের প্রায় ৪০০ জন সশস্ত্র বাহিনীর সদস্য এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট এই রাজ্যাভিষেক অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী ও সৌহার্দ্যময় হবে বলে সকলে আশাবাদী।