রাজধানীর কুড়িলে রেললাইনে আব্দুস ছাত্তার মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কুড়িল ফ্লাইওভার এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুস ছাত্তার মিয়া। সকালে টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সংবাদ পেয়ে সকাল পৌনে ১১টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের চাচাতো ভাই ওয়াহিদ মিয়া বলেন, আব্দুস ছাত্তার গত শনিবার বাড়ি থেকে গরুর বাচ্চা (বাছুর) কেনার কথা বলে ১৬ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। পরে ঢাকায় কখন, কেন, এসেছিলেন তা জানতে পারিনি। তবে তার এক মেয়ে ঢাকায় থাকতো বলে শুনেছিলাম। আজ মঙ্গলবার পুলিশের মাধ্যমে সংবাদ পাই, তিনি কুড়িলে ট্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে আব্দুস ছাত্তার। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। সরকারের দেওয়া ঘরে থাকতেন।